পূর্ব শত্রুতার জেরে কিশোর নাইম হত্যা-র্যাবের অভিযানে গ্রেফতার ২
টাঙ্গাইলের কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে কিশোর নাইম শেখ (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেন (৩৩)। রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৃথক অভিযানে টাঙ্গাইলের সখিপুর থানার যাদবপুর এলাকা থেকে শরিফুল ইসলাম এবং টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা বাইপাস এলাকা থেকে শামীম হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, নিহত নাইম শেখের সঙ্গে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২৫ মার্চ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে নাইম বাড়ি থেকে নিকটস্থ শিমুল বাজারে যাওয়ার পথে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে নাইম গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার পরিবারের সদস্যদেরও মারধর করে আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাইমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা ওসমানি আলী শেখ বাদী হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-২১, তারিখ ২৬ মার্চ ২০২৬; এতে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
কোম্পানি অধিনায়ক : ক্যাপ্টেন তৌহিদুর ইসলাম জানায়, মামলা দায়েরের পর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করা হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এম.কন্ঠ/ ৩১ মার্চ/এম. টি














