ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা
নদীর বুকে প্রতিমাসহ সুসজ্জিত নৌকা, আর দুই তীরে হাজারো মানুষের ভিড়-এমন উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর নৌকা শোভাযাত্রা। পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি উপজেলার সর্ববৃহৎ নৌকা শোভাযাত্রা।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কালিহাতী পৌর এলাকার ঝিনাই নদীতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। কালিহাতী পুরাতন থানা ঘাটসংলগ্ন নদীর দুই পাড়ে বিকেল থেকেই জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। নৌকায় প্রতিমাসহ শোভাযাত্রা নদীপথে এগিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করেন নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ।

শোভাযাত্রা দেখতে পুরাতন থানা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ বছরের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিজয়া দশমীর এ আয়োজনকে কেন্দ্র করে ঝিনাই নদীর তীরবর্তী এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নদীর বুকে শোভাযাত্রা আর দুই পাড়ে দর্শনার্থীদের সরব উপস্থিতিতে কালিহাতীর দুর্গোৎসব উদ্যাপনে যোগ হয় নতুন মাত্রা।
এম.কন্ঠ/ ২১ অক্টোবর ২০২৬/এম. টি























