টাঙ্গাইলে স্টেডিয়ামে মর্নিং ফুটবল টুর্নামেন্ট শুরু
টাঙ্গাইল স্টেডিয়ামে মর্নিং ফুটবল টুর্নামেন্টে মেঘনা ফুটবল দল ২-১ গোলে পদ্মা ফুটবল দলকে হারিয়ে শুভ সূচনা করেছে।
শনিবার (১৬ আগস্ট) সকালের সূর্য উঠার সাথে সাথে টাঙ্গাইল জেলার সাবেক ও বর্তমান ফুটবলার, স্বাস্থ্য সচেতন ক্রীড়ামোদী ডাক্তার,ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাদের নিয়ে ঈদগাহ্ মাঠ ফুটবল এসোসিয়েশনের মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝলক।
খেলার শুরু থেকে পদ্মা ফুটবল দল আক্রমন করে খেলতে থাকলে মেঘনা দল শুরুতেই চাপে পড়ে যায়। এসময় মেঘনা দলের ৩টি খেলোয়াড় পরিবর্তনের পর খেলায় মেঘনা খেলায় ফিরে আসে।
এ অবস্থায় খেলার ১৭ মিনিটের সময় মেঘনা দলের আরিফ আকন্দের পাস থেকে ইমতিয়াজ চমৎকার কোনাকুনি শটে গোলরক্ষক হাবিবকে পরাস্ত করে (১-০) দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পড়ে পদ্মা ফুটবল দল আক্রমন করে খেলতে থাকে।
খেলার দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের সময় পাল্টা আক্রমন থেকে মেঘনা দলের ইফতেখারুল অনুপমের পাস থেকে ইমতিয়াজ ফাঁকা গোলবারে চমৎকার ভাবে বল পাঠিয়ে দেয় (২-০)। খেলার ৯ মিনিটের সময় পদ্মা ফুটবল দলের মঈন ফাউল করে খেলার কারনে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ডের শাস্তি নিয়ে মাঠ ত্যাগ করে।
খেলায় এগিয়ে থেকে মেঘনা দল কিছুটা আয়েশী ভাবে খেলতে থাকলে মেঘনার ডিবক্সে হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় পদ্মা ফুটবল দল। পেনাল্টি থেকে মাহমুদ গোল করে (২-১) ব্যবধান কমিয়ে আনে। এরপর কোন পক্ষ আর গোল করতে না পারলে খেলায় মেঘনা দল জয়লাভ করে পূর্ন ৩ পয়েন্ট অর্জন করে।
দু’দলে যারা খেলেছে তারা হলো- মেঘনা ফুটবল দলঃ মকবুল হোসেন(এসিল্যান্ড), ডাক্তার হায়দার আলী, ডাক্তার শরিফুল ইসলাম, ইফতেখারুল অনুপম, ডাক্তার আব্দুল্লাহ, আরিফ আকন্দ(অধিনায়ক), সংগ্রাম, পবিত্র, আবু সুফিয়ান উজ্জল, হাবিবুর , আল আমিন কাজী, ইমতিয়াজ ও দরুল হুদা।
পদ্মা ফুটবল দলঃ শফিকুল ইসলাম, হাবিবুর রহমান(অধিনায়ক), শিমুল খান, গোবিন্দ বনিক, আয়নাল, সোহেল রানা, মঈন উদ্দিন, মাহমুদ মামুন, মাসুদ রানা, মহিউদ্দিন সরকার, জহিরুল ইসলাম ও সোলায়মান।
রেফারীঃ হারুনুর রশীদ, সহকারী রেফারীঃ মমিনুর রহমান ও মমিরুল ইসলাম। আজকের খেলাঃ যমুনা ফুটবল দল বনাম ব্রক্ষ্মপুত্র ফুটবল দল
এম.কন্ঠ/ ১৬ অগাস্ট /এম. টি




























