গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালপুরে কৃষক দলের বিজয় র্যালি
ছাত্র ও জনতার গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, গোপালপুর উপজেলা ও পৌর শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা শহর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
র্যালিতে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার সুজা, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, উপজেলা কৃষক দলের সভাপতি হাতেম আলী তালুকদার ও সাধারণ সম্পাদক খন্দকার কামরুল ইসলাম বাবুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।
এ সময় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা গণঅভ্যুত্থানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
এম.কন্ঠ/ ০৫ অগাস্ট /এম. টি






















