৫দিন অনশনের পর বিয়ে, গোপালপুরে সেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে টানা ৫দিন অনশনের পর প্রেমের বিয়ের মাত্র তিন মাসের মাথায় মোনিয়া রহমান মুন্নি (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মুন্নি উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া ভূইয়াবাড়ীর মঞ্জু মিয়ার মেয়ে ও একই গ্রামের লাল মিয়া ভূইয়ার ছেলে জিহাদ ভূইয়ার স্ত্রী ছিলেন।
বুধবার সকালে পুলিশ স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মা রিনা বেগম। তিনি জানান, বিয়ের আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। বিয়ের পর থেকে বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও অবস্থার পরিবর্তন হয়নি।
জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে কয়েক মাস আগে মুন্নি প্রেমিক জিহাদ ভূইয়ার বাড়িতে টানা পাঁচ দিন অনশন করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গ্রাম্য সালিশে গত ৩০ এপ্রিল ৯ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মুন্নির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ ঘটনায় এর আগেও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি। এখন হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
নিহতের বাবা-মায়ের দাবি, মুন্নিকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর স্বামী জিহাদ ভূইয়া ও তার মা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তারা।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এম.কন্ঠ/ ০৫ অগাস্ট /এম. টি
























