ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত নিশ্চয়তা সেল কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কতদিনের মধ্যে আমরা কোন পর্যায়ে পৌঁছাতে পারব, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।
ভাইস-চ্যান্সেলর বলেন, ভাসানী বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স, ট্রিপল-ই ও আর্কিটেকচারের মতো আরও আধুনিক ও সময়োপযোগী বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে এআই ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে। এ ল্যাব চালু হলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিতে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে উপকারী হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, কারিকুলাম, মূল্যায়ন পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। অ্যাক্রেডিটেশনের মানদন্ড পূরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রয়োজনীয় একাডেমিক নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণের পরবর্তী অধিবেশনে ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাক্রেডিটেশনের গুরুত্ব’ বিষয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, প্রশিক্ষণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ ও মো. খায়রুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এম.কন্ঠ/ ১৬ অগাস্ট /এম. টি























