গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিতে এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে এ চিকিৎসাসেবা। পর্যায়ক্রমে ইউনিয়নের আরও দুটি স্থানে এ ক্যাম্প পরিচালনা করা হবে
ক্যাম্পে শিশু, গাইনি, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও অর্থোপেডিক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
সেবাদানকারী চিকিৎসকরা হলেন শিশু বিশেষজ্ঞ ডা. মো. সাইখুল আরাফাত, গাইনি বিশেষজ্ঞ ডা. সাবরিনা ইসলাম, গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত হোসেন তালুকদার, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হাসিবুল হাসান এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাইদুর রহমান সুমন।
এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে গোপালপুরের জমজম জেনারেল হাসপাতাল। পুরো আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন এসএসসি ৯৭ ব্যাচের মির্জা মনি।
আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে সাধারণ ও অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এম.কন্ঠ/ ২৮ নভেম্বর ২০২৬/এম. টি
























