গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক, ভেটেরিনারি কর্মকর্তা ডা. নাজমুল হক খান, কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জহিরুল ইসলাম ও গোপালপুর ডেইরি সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান প্রমূখ।
সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং এ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে খাতটির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এম.কন্ঠ/ ২৬ নভেম্বর ২০২৬/এম. টি


























