গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, ‘গোপালপুর ও ভূঞাপুরে কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠলে প্রতিহত করা হবে। পুলিশ না থাকলেও আমরা তাদের প্রতিহত করব।’
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে সমাবেশে সালাম পিন্টু বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। সরকার পতনের পর গোপালপুরে কারও বাড়িঘর পোড়ানো বা কারও ওপর অত্যাচার করা হয়নি বলে দাবি করেন তিনি। তবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে প্রশ্রয় দেওয়া যাবে না বলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন।
সামনে নির্বাচন উল্লেখ করে তিনি নেতাকর্মীদের অভ্যন্তরীণ দলাদলি পরিহার করে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আরও অভিযোগ করেন, পতিত স্বৈরাচার সরকার বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে রাতের আঁধারে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহসভাপতি আবু ঈসা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উথান, সাধারণ সম্পাদক চান মিয়া এবং উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে একটি প্রতিবাদ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এম.কন্ঠ/ ২২ নভেম্বর ২০২৬/এম. টি






















