গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ রাসেল (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানার প্রধান ফটকের সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩-এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাহজাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, অভিযানের সময় একটি পিকআপের পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় রাখা ছয়টি বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় ৬০ কেজি গাঁজা ছিল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৭-০৯৪৩ নম্বরের পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার রাসেলের বাড়ি যশোর জেলায়। র্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা গাঁজা ও জব্দ করা আলামতসহ তাকে গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এম.কন্ঠ/ ০৩ সেপ্টেম্বর /এম. টি

























