গোপালপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে মানিকগঞ্জের জয়
টাঙ্গাইলের গোপালপুরে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয় পেয়েছে মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমি।
বুধবার বিকালে সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় তারা স্বাগতিক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় নিশ্চিত করে মানিকগঞ্জের দলটি। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন তারেক।
খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি ও শিক্ষক সমিতির সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি জোবায়েরুল হক আমিন, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন এবং সাফজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক চৌধুরী হিমেল। খেলার ধারাবর্ণনায় ছিলেন আব্দুল মালেক। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এম.কন্ঠ/ ১৮ নভেম্বর ২০২৬/এম. টি



























