গোপালপুরে আগুনে পুড়ল দুই দিনমজুরের বসতঘর, আহত ৩
টাঙ্গাইলের গোপালপুরে ষাঁড় বিক্রি করে পাওয়া নগদ ৫ লাখ টাকাসহ আগুনে দুই দিনমজুরের দুটি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ ৫ লাখ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিগলআটা গ্রামে এ ঘটনা ঘটে।
দিগলআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক জানান, পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের ত্রুটির কারণে শর্টসার্কিট থেকে প্রথমে দিনমজুর লিটনের ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে আরেক দিনমজুর শাহিনের ঘরে। এতে ঘর দুটিসহ ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
লিটন জানান, গত মঙ্গলবার একটি ষাঁড় বিক্রি করে পাওয়া ৫ লাখ টাকা ঘরে রেখেছিলেন। আগুনে ঘরসহ সেই টাকাও পুড়ে গেছে। সব হারিয়ে তিনি এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই।
আহতদের মধ্যে হামেলা বেগমের অবস্থা গুরুতর। তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
গোপালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জাকারিয়া হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। অগ্নিকাÐে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জহিরুল ইসলাম বলেন, বাড়ির অভ্যন্তরীণ বৈদ্যুতিক সংযোগের ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনার সঙ্গে পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।
এম.কন্ঠ/ ২৬ নভেম্বর ২০২৬/এম. টি


























