গোপালপুরে ঝিনাই নদীতে অভিযান, চায়না জাল জব্দ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীতে অভিযান চালিয়ে প্রায় মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২২ জুন) উপজেলার ঝিনাই নদীর বনমালী মোড় ও নবগ্রাম মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় নদীতে অবৈধভাবে পাতা চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, চায়না দুয়ারি জাল নদীর স্বাভাবিক পরিবেশ ও দেশীয় মাছের প্রজননের জন্য ক্ষতিকর। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এম.কন্ঠ/ ২২ জুন /এম. টি























