কালিহাতীতে মাদক সম্রাট মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের কুখ্যাত মাদক সম্রাট এস এম মামুন অর রশিদ রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ফলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে ইয়াবাসহ অন্যান্য মাদক ব্যবসার নিয়ন্ত্রন এখন তার হাতে। এতে করে পুরো উপজেলার যুবসমাজ পড়েছে হুমমকির মুখে।
এদিকে তার মাদক ব্যবসায় কেউ বাধা দিতে গেলেই তার বিরুদ্ধে বিভিন্ন মামলা, গুমকি এবং বিভিন্ন স্থানে নামে বেনামে অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের (বল্লা রোড) মো. আব্দুল হামিদের ছেল এস এম মামুন অর রশিদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পুরো কালিহাতী উপজেলার কয়েকজন মাদক ব্যবসায়ীদের দিয়ে মাদক সেবীদের কাছে চাহিতামত পৌছে দিচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০/১২টি মাদক এবং একটি নারী নির্যাতন ও অপরহরন মামলা রয়েছে। ইতিপ‚র্বে পাঁচ বার গ্রেপ্তারও হয়েছেন তিনি।
পরবর্তীতে জামিনে বের হয়ে তৎকালীন মন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে সখ্যতা গড়ে তুলেন। পরে তিনি পুরোপুরি আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পরেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এস এম মামুন তার মাদক ব্যবসা বাড়াতে থাকেন। কালিহাতী উপজেলা ছাড়াও তার মাদক ব্যবসা ঘাটাইল, হামিদপুর, ভ‚ঞাপুর, সখীপুর, মধুপুর, ও টাঙ্গাইল শহরেও ছড়িয়ে পরে। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর কিছুদিন গা-ঢাকা দেন তিনি। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবার তিনি এলাকায় ফেরেন এবং মাদক ব্যবসা পুনরায় শুরু করেছেন।
পুলিশ জানায়, ইতিমধ্যে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় এবং নারী ও শিশু নির্যাতন মামলায় এস এম মামুন অর রশিদকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে। ২০১৬ সালের ১৭ জুলাই নারী ও শিশু নির্যাতন মামলায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ প্রথম তাকে গ্রেপ্তার করে। এর পর তিনি জামিতে বের হন। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর কালিহাতী থানা পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তার হন। জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা পরিচালনা করতে থাকেন।
পরবর্তীতে ২০১৮ সালর ২৭ এপ্রিল কুড়িগ্রাম থানা পুলিশ মাদকসহ গ্রেপ্তার করে মামুনকে। এরপর তিনি আবার জামিনে বের হয়ে আত্মগোপনে থেকে তার মাদক ব্যবসা চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে ২০২১ সালের ২৬ জুন কালিহাতী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় মামুন। আবার তিনি জামিনে বের হয়ে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
সাতুটিয়া গ্রামের নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, এস এম মামুন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। একারণে সে বেশ কয়েকবার জেলও খেটেছেন। মামুনের মাদক ব্যবসায় কেউ বাঁধা দিলে তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় বলেও জানান তিনি।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আদিবুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, এস এম মামুন অর রশীদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এম.কন্ঠ/ ০৪ জুন /এম. টি
















