টাঙ্গাইল ছিনতাই মামলায় গ্রেফতার ৩
টাঙ্গাইল শহরে সংঘটিত ছিনতাই মামলার রহস্য উদঘাটনসহ তিনজন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই ও চুরি হওয়া আইফোনসহ ১৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল সদর থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন।
লিখিত বক্তেব্যে তিনি জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া গত ১৯ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় হতে শহরে আসার সময় শান্তিকুঞ্জ মোড় এলাকায় অজ্ঞাতনামা দুই জন চাপাতী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার পকেটে থাকা নগদ ছয় হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে চলে যায়।
এ বিষয়ে আব্দুল কাদের মিয়া গত ২১ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গ্লোবাল লোকেশন ট্র্যাকিংসহ নানা কৌশল প্রয়োগ করে ছিনতাইকারীদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করে।
পরে শহরের কচুয়াডাঙ্গা গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে মো. রুবেল মিয়া (৩৬), থানাপাড়ার আফজাল হোসেন আব্দুল হাইয়ের ছেলে সম্রাট (৩৮) ও হাতিলা গ্রামের জামালুর রহমানের ছেলে মনিরুজ্জামানকে (৪৬) গ্রেফতার করা হয়।
পরে আসামী মনিরুজ্জামানের হেফাজত থাকা বিভিন্ন মডেলের ১৬ টি ছিনতাই/চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
এম.কন্ঠ/ ২২ এপ্রিল /এম. টি























