গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত
টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবার চালান হস্তান্তর নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কামড়াকামড়ির অভিযোগ উঠেছে এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর মাদ্রাসা পরিচালনা কমিটি বুধবার জরুরি সভা করে ওই অধ্যক্ষকে চাকরি থেকে বরখাস্ত করেছে।
অভিযুক্ত অধ্যক্ষের নাম হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম। তিনি উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাইতুন নূর নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তাঁর বাবার নাম আব্দুস সাত্তার।
মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক ইদ্রিস মিয়া জানান, গত সোমবার রাত ১১টার দিকে ইয়াবার চালান হস্তান্তরের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী পাকুটিয়া গ্রামের মিতালী ইটভাটায় যান অধ্যক্ষ সাইফুল। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আরেকটি পক্ষ মাদকসহ তাঁকে আটকানোর চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কামড়াকামড়ি হয়।
ইদ্রিস মিয়ার দাবি, একপর্যায়ে ওই পক্ষের লোকজন সাইফুলের মোবাইল ফোন, মানিব্যাগ ও ইয়াবার প্যাকেট কেড়ে নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাতে কামড় দিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান সাইফুল। হৈচৈ শুনে ইটভাটার লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে পালিয়ে যেতে দেখেন। এ ঘটনায় একটি ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর থেকে অধ্যক্ষ সাইফুলের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর বাড়ি ও মাদ্রাসায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। গ্রামবাসীর চাপের মুখে বুধবার মাদ্রাসা পরিচালনা কমিটি জরুরি সভা করে তাঁকে চাকরি থেকে বরখাস্ত এবং গ্রামে অবাঞ্ছিত ঘোষণা করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষের স্ত্রী স্বপ্না বেগম। তিনি একই মাদ্রাসার শিক্ষিকা। স্বপ্না বেগমের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। জরুরি কথা আছে বলে ফোন করে তাঁকে ইটভাটায় ডেকে নেওয়া হয়। সেখানে প্রতিপক্ষরা ইয়াবা চালানের মিথ্যা অভিযোগ তুলে তাঁকে ফাঁসিয়েছে। নিরাপত্তার অভাবে তাঁরা এলাকা ছেড়েছেন বলেও জানান তিনি।
অধ্যক্ষ সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গোপালপুর থানার ওসি মো. রুহুল আমীন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে থানার এসআই রুবেল মিয়া ঘটনাস্থলে যান। তবে পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে চলে যান। মাদকের চালান ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কামড়াকামড়ির তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও পুলিশের হাতে রয়েছে। ভিডিওটি পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এম.কন্ঠ/ ১২ নভেম্বর ২০২৬/এম. টি
























