ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায়
টাঙ্গাইলের সরিষাবাড়ী উপজেলার পিংনায় ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সুজাত আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় গাজীপুর, গোপালপুর, ভূঞাপুর ও সরিষাবাড়ী উপজেলার প্লে থেকে নবম শ্রেণির প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয়।
ক্যামফোর্ড শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৩৫ শতাংশকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে বিদ্যালয়ভিত্তিক ১৫ শতাংশ সাধারণ গ্রেডে, কেন্দ্রভিত্তিক ১০ শতাংশ ট্যালেন্টপুল এবং ১০ শতাংশ প্রথম গ্রেডে বৃত্তি পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় থেকে নবম শ্রেণির প্রতিটি শ্রেণিতে কমপক্ষে ৩০০ জন পরীক্ষার্থী অংশ নিলে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে একটি করে কম্পিউটার পুরস্কার দেওয়া হবে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ক্যামফোর্ড শিক্ষা পরিবারের পরিচালক ও ক্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ আশরাফ আলী, ঝর্না খাতুন, মো. জবরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম সাইদ। সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিব মোর্শেদ তালুকদার ও সহকারী অধ্যাপক কে এম শামীম।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখবে।
এম.কন্ঠ/ ১৪ নভেম্বর ২০২৬/এম. টি


























