কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে অনুমোদনহীনভাবে বালুঘাট পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জয়নাল আবেদিন নামে এক ব্যক্তিকে এ অর্থদণ্ড দেন।
অর্থ দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদিন উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া বালুঘাট পরিচালনার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন ও অনুমোদনহীন বালুঘাট পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম.কন্ঠ/ ০৩ সেপ্টেম্বর /এম. টি























