বাসাইলে জমি নিয়ে বিরোধে এক বৃদ্ধের ওপর হামলা
টাঙ্গাইলের বাসাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে জালাল উদ্দিন মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ১১ জুলাই দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা গ্রামে পথরোধ করে তার ওপর এ হামলা করা হয়।
আহত জালাল উদ্দিন মিয়া উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। হামলার ঘটনায় একই এলাকার এছাক মিয়ার ছেলে হারুন (৩০), হাবিব (২২), এছাক মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৪৫), টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ব্যাপারীপাড়ার সাউথের ছেলে পারভেজ (৩০) সহ পাঁচজনের বিরুদ্ধে বাসাইল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে জালাল উদ্দিন মিয়ার পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছে একই এলাকার হারুন ও হাবিবসহ তার পরিবার। এমতাবস্থায় গত ১১ জুলাই স্থানীয় মসজিদে যোহরের নামাজ শেষে করে বাড়িতে ফেরার সময় প্রবাসী হারুনের নির্দেশে তার পথরোধ করে হাবিব ও পারভেজসহ কয়েকজনে মিলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে জালাল উদ্দিনের পায়ে আঘাত করে। পায়ের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে এলোপাথারিভাবে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে হামলাকারীরা। এক পর্যায়ে তার ডাক-চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসলে তারা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহত জালাল উদ্দিন মিয়া বলেন, ‘আমার পৈত্রিক সম্পত্তি হারুন ও হাবিবসহ তার পরিবার দখলে নেওয়ার জন্য পাঁয়তারা করে আসছে। বিষয়টি নিয়ে তাদের সাথে বিরোধ চলছে। গত ১১ জুলাই স্থানীয় মসজিদে যোহরের নামাজ শেষ করে বাড়িতে ফেরার সময় সিএনজিযোগে এসে হাবিব ও পারভেজসহ কয়েকজনে মিলে আমার পথরোধ করে। এসময় তারা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। আমি মাটিতে লুটিয়ে পড়লে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে মাটি থেকে টেনে তুলে গলায় রাম দা ধরে বলে- বাড়ির জমি ছেড়ে আজকের মধ্যে চলে যাবি, নাহলে এখন তোর গলায় দা ধরেছি কেবল, তোকে হত্যা করতে আমাদের বিন্দু পরিমাণ সময় লাগবে না। এসময় আমার ডাক-চিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার এসআই মো. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’
এম.কন্ঠ/ ১৬ জুলাই /এম. টি



























