প্রাথমিক শিক্ষা খাতে শ্রেষ্ঠ ইউএনও কালিহাতীর খায়রুল ইসলাম
প্রাথমিক শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছেন।
শিক্ষা সংশ্লিষ্টরা জানান, ইউএনও মো. খায়রুল ইসলাম শুধু প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত সহায়তা প্রদান করে তাদের লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহিত করে আসছেন। বিভিন্ন সময়ে শিক্ষা উপকরণ, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এ মানবিক উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, শিক্ষা খাতে তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা, উদ্ভাবনী চিন্তা এবং মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই তিনি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে অভিমত ব্যক্ত করে ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি কালিহাতী উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি। তাই শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়মুখী পরিবেশ সৃষ্টি এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় কালিহাতীর শিক্ষা খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক সমাজ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কালিহাতীর শিক্ষা খাত আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ ও এগিয়ে যাবে।
এম.কন্ঠ/ ২৬ মে /এম. টি























