কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন, পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলার ভিয়াইল বাজার এলাকায় এ খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিনের পক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখনন ও সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রায় ১৫০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কালিহাতী উপজেলার ভিয়াইল খাল খননও এই বৃহৎ প্রকল্পের অংশ, যেখানে প্রায় ১ কিলোমিটার খাল খনন করা হবে।
অনুষ্ঠানে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আজীবন সদস্য ড. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান তোতা ও প্যানেল চেয়ারম্যান হোসেন আলীসহ পারখী ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম বলেন, “ভিয়াইল খাল খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং স্থানীয় মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। উপজেলার অন্যান্য ইউনিয়নেও বিভিন্ন খাল রয়েছে, সেগুলো খননের জন্য পর্যায়ক্রমে বরাদ্দ আসবে। সরকার নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে এসব কাজ সম্পন্ন করা হবে। সরকারের এই উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। কেউ যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, যাতে আমরা সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতে পারি।”
এম.কন্ঠ/ ০৯ এপ্রিল /এম. টি























