নিষিদ্ধ যুবলীগ নেতার বিরুদ্ধে রাস্তা কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার কাঁচাবাজার এলাকায় অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত পৌর যুবলীগ নেতা পলাশ চন্দ্র দাশের বিরুদ্ধে।
এ নির্মাণকাজে স্থানীয়দের দীর্ঘদিনের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
পৌর প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় লিখিতভাবে নির্মাণকাজ বন্ধের নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার থেকে শামসুল হক কলেজ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ওই সড়ক কেটে সেখানে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় চার হাজার মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, একাধিক শ্রমিক দিয়ে দ্রুতগতিতে ভবনের নির্মাণকাজ চালানো হচ্ছে। এতে স্থানীয়দের স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, প্রায় এক মাস ধরে রাস্তা কেটে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে রোগী হাসপাতালে নেওয়াসহ দৈনন্দিন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। দ্রুত নির্মাণকাজ বন্ধের দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে পলাশ চন্দ্র দাশ বলেন, পৌরসভার প্রকৌশলীর কাছ থেকে মৌখিক অনুমোদন নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পৌরসভায় আবেদনও করা হয়েছে। তবে লিখিত অনুমোদন ছাড়া নির্মাণকাজ কীভাবে চলছে—এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
এলেঙ্গা পৌরসভার প্রকৌশলী সবুজ হোসেন বলেন, ভবন নির্মাণের কোনো অনুমোদন দেওয়া হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শায়েদা খানম লিজা জানান, স্থানীয়দের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং দ্বিতীয় দফায় নির্মাণকাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, বিষয়টি পৌর প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এম.কন্ঠ/ ০১ এপ্রিল /এম. টি














