ঘাটাইলে মেছোবাঘ আতঙ্কে গ্রামবাসী
টাঙ্গাইলের ঘাটাইলে মেছোবাঘের আতঙ্কে রয়েছে শতাধিক পরিবারের মানুষ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে বাড়ির পাশের ঝোপঝাড়ে দেখা মিলে দুই মেছোবাঘ। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হলে বাঘ দুটি পালিয়ে যায়। মেছোবাঘ দুটি এখনো ধরাছোঁয়ার বাহিরে থাকায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবলু মিয়া জানান, বেশ কিছু দিন ধরে দুটি মেছোবাঘ উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা এলাকায় চলাফেরা করছিল। মেছোবাঘ দুটি এলাকার অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেক এর বাড়ির পাশে ঝোপঝাড়ে দুটি মেছোবাঘ দেখা যায়। এসময় হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। মূহুর্তেই সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক জনতা ওই ঘন জঙ্গলের পাশে ভিড় জমান।
স্থানীয় আব্দুল বারেক জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বাঘ দুটি আমার বাড়ির পশ্চিম পাশে ঘন জঙ্গল থেকে বাইরে এসে শুয়ে থাকতে দেখি। পরে দুটি বাঘ উচ্চস্বরে গর্জন করতে থাকে। বাঘের গর্জনে সামনে গিয়ে কেউ আক্রমণ করতে সাহস পাচ্ছিল না।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল্লাহ জানান, মেছো বাঘের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত এলাকায়।
উপজেলা বন কর্মকর্তা মো. এমরান আলী জানান, সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা ভুল করে এটাকে চিতাবাঘ বললেও এটা মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল। এর নামের সাথে বাঘ মারার থাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের আতঙ্কিত না হতে এবং মেছো বাঘ দুটিকে না মারার অনুরোধ করে স্থানীয় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে আসছি।
এম.কন্ঠ/ ০৬ নভেম্বর ২০২৬/এম. টি























