টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ
স্বেছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশনের আয়োজনে টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সমতায় তারুণ্য প্রকল্পের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রকল্পটির অর্থায়ন করছে নেদারল্যান্ড সরকার।
সংলাপে জেন্ডার সমতা, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার বিষয়ে সমাজের নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এ বিষয়ে তরুণদের সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সক্রিয় অংশগ্রহণের প্রতি জোর দেন অংশগ্রহণকারীরা। সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, নারী সংগঠক, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, তরুণ প্রজন্মের প্রতিনিধি, তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫০ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইল জেলার উপপরিচালক এস কে এম জিয়াউল বারী। আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, মানবাধিকারকর্মী শেলী খান, মুফতি জালাল উদ্দিন জামালী, নারী উদ্যোক্তা কানিজ ফাাতেমা, নারীনেত্রী রাশেদা আক্তার, শিক্ষক রাকিবুল হাসান, শিক্ষার্থী এশা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক তরুণ ইউসূফ। সংলাপ সঞ্চালনা করেন যুবদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ।
সংলাপে বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবার ও সমাজে সমতার চর্চা বাড়িয়ে নারীর জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এম.কন্ঠ/ ২৮ অক্টোবর ২০২৬/এম. টি






















