টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলের মধুপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ এ রায় দেন।
দণ্ডিতরা হলেন, মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী (হীরণ বাজার সংলগ্ন) এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ (২৩) এবং মো. আয়নালের ছেলে মো. রুবেল (২৩)।
আদালত দণ্ডিতদের ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তাদের আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডর আদেশ দিয়েছেন।
আসামিদের কাছ থেকে আদায়কৃত জরিমানা অথবা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সরকারি কৌশুলি (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৫ মে রাতে ওই নারী নিজ বসতবাড়ির সামনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দণ্ডিত আরিফ ও রুবেল এসে ওই নারীর স্বামীকে পুকুরপাড়ের একটি ঘরের বারান্দার খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে স্ত্রী তাকে জোরপূর্বক তুলে পাশের ভিটায় নিয়ে পালাক্রমে দুইজনে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ ২০২৪ সালের ১৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পর দণ্ডিত দুজনকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
এম.কন্ঠ/ ০৭ অক্টোবর ২০২৬/এম. টি






















