গোপালপুরে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থীকে মারধর
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।
সোমবার গণিত ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। আগের দিনের শিক্ষার্থীদের ঝগড়ার জেরে এ ঘটনা ঘেটে বলে জানাগেছে। পরে আহত দুই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জানা যায়, রোববার বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে সোমবার গণিত ক্লাস চলাকালে শ্রেণিশিক্ষক জহুরুল ইসলাম সিদ্দিকীর উপস্থিতিতে কয়েকজন বহিরাগত শ্রেণিকক্ষে প্রবেশ করেন। শ্রেণিকক্ষে ঢুকে তারা নবম শ্রেণির শিক্ষার্থী রাকিবকে মারধর শুরু করেন। রাকিবকে রক্ষা করতে এগিয়ে এলে তার সহপাঠী জাহিদও মারধরের শিকার হয়। পরে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে বহিরাগতদের প্রবেশ করে শিক্ষার্থীকে মারধরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা জানান, ‘আমি ছুটিতে আছি। মোবাইল ফোনে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনেছি। বিষয়টি নিষ্পত্তির জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করা হয়েছে।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যাচ্ছি। বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এম.কন্ঠ/ ৩১ অগাস্ট /এম. টি

























