গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩
টাঙ্গাইলের গোপালপুরে আলুবোঝাই একটি পিকআপে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৪।
শনিবার বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪-এর এডি শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটকরা হলেন, গোপালপুর উপজেলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামসুল হক (৩২), পিকআপচালক মোহাম্মদ জয় (৩০) ও হেলপার ইয়াসির আরাফাত (৩৩)। জয় ও ইয়াসির আরাফাত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। এ সময় পিকআপে থাকা দুটি বস্তা থেকে আনুমানিক ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব জানায়, আলুবোঝাই পিকআপটি কুমিল্লা থেকে গোপালপুরে আসে। পাগলা বাজার এলাকায় পৌঁছালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চালক, হেলপার এবং স্থানীয় এক সহযোগীকে আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, র্যাব অভিযান পরিচালনা করেছে বলে শুনেছি। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ আসেনি। র্যাব সাধারণত প্রথমে তাদের কার্যালয়ে নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে থানায় মামলা হস্তান্তর করে।
এম.কন্ঠ/ ২৬ জুলাই /এম. টি


























