বাসাইলে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪
টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাতে তার নিজ বাড়ি বাসাইল পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল রানা বাসাইল পশ্চিমপাড়া এলাকার চাঁন মাহমুদ মিয়ার ছেলে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা (২৮)কে গ্রেতার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ১২ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় চলন্তবাসে অগ্নিকান্ডের ঘটনায় পরদিন ১৩ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সন্দেহভাজন হিসেবে অভিযোগ আনা হয়। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, পৃথক দুইটি অভিযানে মাদকসহ আরও তিনজনকে আটক করেছে পুুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী গ্রামের মোস্তাফিজুর রহমান খানের ছেলে মাদক ব্যবসায়ী সোহাগ খান (৩৫), বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার আলী আকবর বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী শাহ আলম বেপারী (৩৮) ও নাইকানীবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে আশিক মিয়া (২৬)।
এদের মধ্যে শাহ আলম বেপারী ও আশিক মিয়াকে বাসাইল পূর্বপাড়া এলাকা থেকে ৫ পিস ইয়াবা এবং সোহাগ খানকে বাসাইল-টাঙ্গাইল সড়কের এ কে কে ফিলিং স্টেশনের সামনে থেকে ৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, ‘গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
এম.কন্ঠ/ ২২ জুন /এম. টি



























