উন্নয়ন তহবিল থেকে ক্রীড়ায় বিনিয়োগ উজ্জ্বল ভবিষ্যতের পথে কালিহাতী
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কালিহাতী উপজেলা প্রশাসনের এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ছড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম থেকে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্রীড়া সামগ্রী (ফুটবল) সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের সক্রিয় নেতৃত্বে এই আয়োজন শুধু ক্রীড়াচর্চা নয়, বরং শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করছেন অভিভাবক ও শিক্ষকরা।
এসময় উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান সহ সহকারী শিক্ষা অফিসার ও সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফলকারী ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১০টি তে ফুটবলের পাশাপাশি ক্রিকেট সেট (ব্যাট, স্ট্যাম্প, বল), অন্য ১০টি তে দাবা এবং বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজে ক্যারাম বোর্ড বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, “শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দিয়ে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বয়। ক্রীড়া শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত কাজের চর্চা শেখায়। আমরা চাই, কালিহাতীর প্রতিটি শিক্ষার্থী সুস্থ, সুন্দর ও সৃজনশীলভাবে গড়ে উঠুক।”
তিনি আরও জানান, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকরা এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।
এম.কন্ঠ/ ১৪ জুলাই /এম. টি
















