মুক্তিযোদ্ধাদের যারা গলায় জুতার মালা পড়ায়, তাদেরও একদিন মালা পড়বে…কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, শেখ হাসিনার ১৬ বছর সরকারে যে দুর্নীতি হয়েছে, বর্তমানে ১০ মাসের আমলে যদি তার চেয়ে বেশি দুর্নীতি হয়, তাহলে কে ভালো। বৈষম্যবিরোধীদের সফলতা আমি হাজারবার সম্মান জানাই। কিন্ত তারা এখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ায়, আমি বলেদিতে চাই তাদের গলায়ও একদিন মালা পড়বে। সেখান থেকে মুক্তি নেই।
আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগ সরকার ভুল করেছে। জয় বাংলাকে কেউ কেউ দলীয় শ্লোগান করার চেষ্টা করেছে। না জয় বাংলা মুক্তিযুদ্ধের শ্লোগান, জয় বাংলা দেশের শ্লোগান, বাংলাদেশের শ্লোগান। আমরা এটাকে মান্য করবো। এবং সবখানে আমরা জয় বাংলা বলবো। জয় বঙ্গবন্ধু বলবো। বাংলাদেম আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন না এক শব্দ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যায় না।
তিনি শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের শোক সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিন্টুকে বলেছিলাম এই স্বরণ সভায় আসার জন্য তিনি আসেননি। আমি একবার ফোন করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন ধরতেন। আজকে তাকে অন্তত ২৫ বার ফোন করেছি। তিনি ধরেননি। এটা কোন রাজনীতি হলো না। বাংলাদেশ যদি থাকে, মুক্তিযুদ্ধ যদি থাকে, আমি কাদের সিদ্দিকি যদি বেঁচে থাকে তবে তাকেও দরকার হবে।
আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের সাথে শেখ হাসিনার লোকজনের যে দুরত্ব সেটা আমি ঘুচিয়ে দেব। বঙ্গবন্ধু একবারের জন্যও জিয়াউর রহমানকে কোন খারাপ কথা বলেননি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরও জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সমন্ধ্যে একটা টু-শব্দও করেননি।
তিনি বলেন, স্বাধীনতার সবাই যদি একদিকে থাকতে পারতো তাহলে স্বাধীনতার পরাজিত শত্রুরা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে পরতো না। জিয়াউর রহমান আজ শ্রেষ্ট মানুষ। রাজনীতিতে বঙ্গবন্ধুর পরেই জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, সকালে একজন এসে আমাকে বললো। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হবে। আমি বললাম যাচাই বাছাই করার তোমরা কারা। তোমাদের তো তখন জন্মই হয়নি। যাচাই বাছাই করলে আমরাই করবো। আর যে যাচাই বাছাই হইছে, হইছেই। ঐটা নিয়ে আর কোন কথা চলবে না। মুক্তিযোদ্ধাদের নিয়ে আর কোন ছেলে খেলা সহ্য করা হবে না। এনায়েত করিমের শোক সভায় এইটাই হবে আমাদের শপথ।
বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের সভাপতিত্বে বক্তৃতা করেন, বীর ম্ুিক্তযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক, কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।
এম.কন্ঠ/ ২৯ জুন /এম. টি

























