গোপালপুরে মাদক সেবনের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড
টাঙ্গাইলের গোপালপুরে মাদক সেবন ও নিজ বাড়িতে মাদক সংরক্ষণের দায়ে বাবা- ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপালপুর পৌরসভার আভুঙ্গী মহল্লায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ (৭১) ও তাঁর ছেলে সালমান (২৫)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ প্রমাণিত হলে পৃথক সাজা দেওয়া হয়।
জানা যায়, মাদক সেবনের দায়ে আব্দুস সামাদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক সেবন ও নিজ বাড়িতে মাদক সংরক্ষণের দায়ে তাঁর ছেলে সালমানকে ১ বছর ১১ মাস ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবাব আলী।
অভিযানে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপপরিদর্শক মো. রাশিদুল ইসলামসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আব্দুস সামাদ ও তাঁর ছেলে সালমান মাদক সেবনের পাশাপাশি নিজ বাড়িতে ট্যাপেন্টাডল-জাতীয় মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ কার্যকর করতে সাজাপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এম.কন্ঠ/ ০৬ অগাস্ট /এম. টি
























