কালিহাতীতে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ৩ ব্যবসায়ীকে জরিমানা
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারে চাঁন মিয়া নামের এক মাংস ব্যবস্যায়ী অসুস্থ একটি ষাঁড় গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন- এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের তফসিলভুক্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে গরুটি সুস্থ না হওয়া পর্যন্ত জবাই না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়।
এছাড়া বাজারে অপরিকল্পিতভাবে পোল্ট্রি মুরগি রেখে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও দুর্গন্ধ ছড়ানোর দায়ে পোল্ট্রি ব্যবসায়ী হুমায়ুন (৩০)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মাংসের দোকানের পাশে পশুর চামড়া রেখে দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার অভিযোগে মাংস ব্যবসায়ী রজব আলী (৫০)-কে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনা করছে। এতে সাধারণ ক্রেতারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রশাসনের এমন অভিযানে বাজারে স্বস্তি ফিরেছে বলে জানান ক্রেতারা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা বলেন, অসুস্থ পশু জবাই, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি কিংবা পরিবেশ দূষণের মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “অভিযুক্তদের ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন সহ কালিহাতী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৮ মে /এম. টি



























