বিমান বিধ্বস্তের ঘটনায় গণসংহতি আন্দোলনের গভীর শোক, জুলাই সমাবেশ স্থগিত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করে মঙ্গলবারের ‘জুলাই সমাবেশ’ স্থগিত ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন সদর উপজেলা শাখা।
সোমবার বিকেলে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল সদর উপজেলা শাখার আহবায়ক মোফাখখারুল ইসলাম ও সদস্য সচিব ফারজানা জেসমিন যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান,ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সোমবার বিকেণ সাড়ে ৬ পর্যন্ত অন্তত ১৯ জনের মর্মান্তিক মৃত্যু এবং দেড় শতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
তারা বলেন, এই মর্মান্তিক ঘটনায় গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একইসাথে আহত ও দগ্ধ সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।
জাতীয় এই শোকাবহ প্রেক্ষাপটে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য “জুলাই সমাবেশ” স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা মনে করি, প্রতিবাদ ও প্রত্যয়ের কর্মসূচির চেয়ে এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো এবং সমবেদনার পরিবেশ সৃষ্টি করাটাই সময়োচিত ও মানবিক দায়িত্ব। পরবর্তী তারিখে সমাবেশের নতুন সময়সূচি শীঘ্রই জানানো হবে।
এম.কন্ঠ/ ২১ জুলাই /এম. টি






















