সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার
জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে গোপালপুরের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার (২২ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আল আমিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বালোবাড়ি গ্রামের মারফত আলীর ছেলে।
র্যাব-১৪ (সিপিসি-১) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পারভেজ নামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিলেন আল আমিন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে আল আমিন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শয়নকক্ষের খাটের নিচে তল্লাশী চালিয়ে পাটের বস্তায় লুকানো অবস্থায় ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুর থানাসহ বিভিন্ন এলাকায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এম.কন্ঠ/ ২৩ মে /এম. টি






















