কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু
দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসানে টাঙ্গাইলের কালিহাতীতে একটি গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে। কালিহাতী-রতনগঞ্জ সড়কের ধল্লাই মোড়ের কাছাকাছি আউলিয়াবাদ রোডের আব্দুর রাজ্জাকের বাড়ির মোড় এলাকায় সড়কের গর্তগুলো মেরামত করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের ওই অংশে বেশ কিছু গর্ত তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। প্রতিদিন এ পথ ব্যবহারকারী শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইস্কান্দার মির্জা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের পর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত সড়কাংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের তত্ত্বাবধানে বর্তমানে সড়কের গর্তগুলো সংস্কারের কাজ চলছে। এতে ওই সড়ক ব্যবহারকারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
সহকারী অধ্যাপক ইস্কান্দার মির্জা বলেন, “সড়কের গর্তগুলো দেখে মনে হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রতিদিন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কোনো দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করেছি। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “জনদুর্ভোগ কমাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে এলাকার অনেক সমস্যাই দ্রুত সমাধান করা সম্ভব।”
সড়কের গর্ত সংস্কারের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে জনস্বার্থের বিষয়টি প্রশাসনের নজরে এনে ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখায় শিক্ষক ইস্কান্দার মির্জার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
এম.কন্ঠ/ ০১ অক্টোবর ২০২৬/এম. টি

















