টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী
বিএনপি’র সম্পাদক ফরহাদ ইকবালের পক্ষে বড় ধরনের শোডাউন
টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেতে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, অসহায়দের সহায়তা, মত বিনিময় সভা, আলোচনা সভাসহ প্রতিনিয়ত নানা কর্মসূচি করে যাচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
এরই ধারাবাহিকতায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে লিফলেট বিতরণ ও শোডাউন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী ফরহাদ ইকবালের নেতৃত্বে নিজ বাস ভবন থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্নস্থানে প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি।
এম.কন্ঠ/ ২৫ অক্টোবর /এম. টি

























