কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে মো. রাব্বি (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার দুই বন্ধু।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল-শালগ্রামপুর আঞ্চলিক সড়কের উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) ও ইমান আলীর ছেলে জাহিদ (১৫)। এদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে কাজিবাড়ী থেকে রামপুর যাচ্ছিল। এসময় কাজিবাড়ী কবরস্থান এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। অপর দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। অপর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এম.কন্ঠ/ ০৬ মে /এম.টি

























