সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় প্রমিজাম মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের (সিসা কারখানা) কার্যক্রম বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌলী এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ জন লোক কালিহাতী থানার গেটে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলোচনা শেষে রাত ১০টার দিকে তারা থানা এলাকা ত্যাগ করেন।
এর আগে দুপুরে পরিবেশ দূষণের অভিযোগ তুলে সিসা কারখানাটি বন্ধের দাবিতে পৌলী এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন। এলাকাবাসীর অভিযোগ, কারখানাটির কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এতে এলাকার ছোট ছোট শিশু ও সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বলেও তারা অভিযোগ করেন। এ সময় পরিবেশ দূষণ বন্ধসহ কারখানাটি বন্ধের দাবি জানানো হয়।
এদিকে, কারখানার ম্যানেজার মো. তানভীর ওরফে চানু (৪৫) পৌলী এলাকার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কালিহাতী থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ভূঁইয়াকে থানায় নিয়ে আসে।
এছাড়া ওই এলাকার সেন্টু (৪৮) এর বাড়িতে পুলিশ গিয়ে তাকে না পেয়ে হুমকি-ধামকি দিয়েছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রমিজাম মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি পরিচালনার সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সম্পৃক্ততা রয়েছে বলে তারা দাবি করেন। তবে এ বিষয়ে মোশারফ হোসেন বা কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খানসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি কালিহাতী থানা সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।
আলোচনায় এলাকাবাসীর দাবি এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কারখানাটির সংশ্লিষ্ট কাগজপত্রের বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে এলাকাবাসী থানা এলাকা ত্যাগ করেন।
স্থানীয়দের দাবি, পরিবেশ দূষণের অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে কারখানাটির পরিবেশগত ছাড়পত্র ও অন্যান্য অনুমোদন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “সিসা কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য পুলিশ কাজ শুরু করে। তদন্তের অংশ হিসেবে এলাকাবাসীর নেতৃত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে থানায় আসতে বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তিনি নিজ গাড়িতে করে থানায় আসে।তবে এলাকাবাসী বিষয়টিকে তাকে আটক করা হয়েছে বলে মনে করায় তারা থানায় এসে অবস্থান নেন। পরে যেহেতু এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন, তাই স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা করবে পুলিশ। আলোচনা শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে থানা এলাকা ত্যাগ করেন।”
এম.কন্ঠ/ ২৪ অগাস্ট /এম. টি
























