রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান
রোগীর সুস্থতার জন্য চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও জরুরি। সেই লক্ষ্যেই ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কালিহাতী পৌরসভা।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ এবং পানি জমে থাকার সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর ও পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আজিজুল।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু মোকাবিলায় শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও অপ্রয়োজনীয়ভাবে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ি, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তারের সুযোগ অনেকটাই কমানো সম্ভব। স্বাস্থ্য কমপ্লেক্সের মতো জনসমাগমপূর্ণ স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ফলে রোগী ও স্বজনদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য কালিহাতী পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রোগীদের সুস্থ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।
পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু একদিনের অভিযান নয়, ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।
অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
এম.কন্ঠ/ ১৫ অগাস্ট /এম. টি
























