কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও ফারজানা আক্তারের মতবিনিময়
টাঙ্গাইলের কালিহাতীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় এবং জনস্বার্থে কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও ফারজানা আক্তার বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা, উন্নয়নের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
তিনি বলেন, অবৈধ দখল, অবৈধ বালু উত্তোলন, মাদকসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। এসব বিষয়ে সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে।
ইউএনও আরও বলেন, সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উন্নয়ন কর্মকান্ড স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতাকে তিনি স্বাগত জানান।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনদুর্ভোগ, অবকাঠামোগত সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, অবৈধ দখল, বালু উত্তোলন, মাদক প্রতিরোধসহ নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উন্মুক্ত আলোচনায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এম.কন্ঠ/ ২০ জুলাই /এম. টি


























