কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিনের জমির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়দের দাবি, বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়াকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন। এ সময় শাহ আলম গুরুতর আহত হন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আহত শাহ আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি নিহত হন।
বুধবার সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম বলেন, “পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
এম.কন্ঠ/ ১৭ জুন /এম. টি























