গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে বুধবার দুপুরে চাঁন মিয়া (৪০) নামক এক ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ করা হয়েছে। নিহত চান মিয়া মাদারজানী গ্রামের বেপারীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
গোপালপুর থানা পুলিশ জানায়, চালক চাঁন মিয়া ইজিবাইকে এক প্রসূতি রোগী নিয়ে বাড়ি থেকে গোপালপুর হাসপাতালে আসার পথে ব্যাপারী পাড়া নামক স্থানে একই এলাকার কাজম আরীর ছেলে ফরহাদ আলী নামক এক প্যাসেঞ্জার গাড়িতে উঠানোর আবদার করে। কিন্তু যাত্রী প্রসূতি রোগী হওয়ায় অন্য প্যাসেঞ্জার গাড়িতে নেয়া যাবেনা বললে উভযের মধ্যে তর্কবিতর্ক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কাতর্কি হাতাহাতিতে রুপ নিলে এক পর্যায়ে ফরহাদ চাঁন মিয়ার গলা চিপে ধরলে সে জ্ঞান হারায়। তাকে গোপালপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাক্তার আখি তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, চাঁন মিয়ার পরিবারের সদস্যরা গলা টিপে হত্যার অভিযোগ আনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম.কন্ঠ/ ৩০ এপ্রিল /এম. টি



























