কালিহাতীতে দৃষ্টিনন্দন সেলফি কর্ণার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে নতুন এক দৃষ্টিনন্দন সেলফি কর্ণার। সেখানে বড় অক্ষরে লেখা রয়েছে- “আমাদের ❤ কালিহাতী”। সাদা অক্ষরের মাঝখানে লাল রঙের হৃদয় চিহ্ন স্থানীয়দের চোখে-মনে নতুন আবেগ জাগিয়ে তুলেছে।
স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি ফলক নয়, বরং কালিহাতীবাসীর আত্মপরিচয়, গর্ব, ভালোবাসা এবং শেকড়ের সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক। সকালে প্রথম রোদে লেখা অক্ষরগুলো আলোকিত হয়ে ওঠে, দুপুরে ঝলমল করে।
কালিহাতী ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন, “টাঙ্গাইলের অন্যান্য উপজেলায় সেলফি কর্ণার থাকলেও আমাদের কালিহাতীতে ছিল না। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম স্যারকে জানালে তিনি গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং উপজেলা পরিষদ চত্বরে এই সেলফি কর্ণারটি স্থাপন করেন।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, “এই ফলক কেবল পরিচয়ের চিহ্ন নয়। এটি আমাদের ঐক্য, স্বপ্ন এবং ভালোবাসার প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম এই নাম উচ্চারণ করবে এবং হৃদয়ে মাটির টান অনুভব করবে।”
ইতোমধ্যেই সেলফি কর্ণারের সামনে প্রতিদিন ভিড় জমছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার নিঃশব্দে দাঁড়িয়ে অনুভব করছে এর আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে “আমাদের ❤ কালিহাতী”, যা বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয়দের মতে, এই সেলফি কর্ণার কালিহাতী উপজেলার পরিচিতি ও সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে এটি পর্যটন আকর্ষণ হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে।
এম.কন্ঠ/ ২৬ অগাস্ট /এম. টি
















