দেলদুয়ারে দুর্বৃত্তের আগুনে পুড়লো গ্রামীন ব্যাংক
টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীন ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার ভোরের যে কোনও সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়সূত্রে জানা গেছে।
এ ঘটনায় গ্রামীন ব্যাংকের বারান্দা সহ সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারনা করা হচ্ছে তালাবদ্ধ বারান্দায় প্রেট্রোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দো’তলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগীতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো প্রেট্রোল ঢেলে আগুন জালিয়েছিলো। সঙ্গে সঙ্গেই ভবনে থাকা লোকজন জেনে যাওয়ায় আগুন বিস্তারলাভ করতে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.কন্ঠ/ ১৮ নভেম্বর ২০২৬/এম. টি



























