ঘাটাইলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুলের পাশে দাঁড়ালেন ইউএনও
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে ঋণ করে ফলানো তিন বিঘা জমির ধান দৃর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে যাওয়ার পথে কৃষক মোহাম্মদ আব্দুলের (৫৫) পাশে দাঁড়িয়েছেন ঘাটাইলের ইউএনও নূরী তাসমিন উর্মি।
বুধবার (১৮ নভেম্বর) ঘটনাস্থলে ছুটে যান ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। তিনি ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুলের সঙ্গে কথা বলেন, তার কষ্টের কথা শোনেন এবং তাকে শান্তনা দেন। কৃষক আব্দুলের এই দুঃসময়ে তার পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় তাকে এক বস্তা ডিএপি সার, এক বস্তা পটাশ সার, ১০ কেজি বোরো ধানের বীজ, ৫ কেজি সরিষার বীজ, কিছু শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমীন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুন্নাহার কনাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
গত সোমবার গভীর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আজগর আলী ছেলে। গভীর রাতে দুর্বৃত্তরা কৃষক আব্দুলের তিন বিঘা জমির ধানের স্ত’পে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ধান পুড়ে ছাই হয়ে যায়। সারা বছরের শ্রম, ঘাম ও আশা ভরসায় ফলানো ফসল পুড়ে ছাই হয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েন কৃষক আব্দুল।
একদিকে আগুনে পুড়ে কৃষকের সারা বছরের স্বপ্ন ও সম্বল ছাই হয়ে যাওয়ার বেদনা, অন্যদিকে উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক সহায়তা কিছুটা হলেও তাকে ঘুরে দাঁড়ানোর নতুন আশা জুগিয়েছে। তবে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, এই জঘন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। দ্রুত আগুন দেওয়ার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো কৃষকের স্বপ্ন এভাবে পুড়ে না যায়।
এম.কন্ঠ/ ১৮ নভেম্বর ২০২৬/এম. টি



























