নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চোর ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেলো এক রাজমিন্ত্রীর। এ সময় চোরকে ধরতে গিয়ে আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার ভোর সকালে উপজেলার বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ছামিনুর মিয়া উপজেলার গয়হাটা গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে।
নিহত মজনু মিয়া (৫০) ওই গ্রামের মৃত বেল্লাল মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিন্ত্রীর কাজ করতেন ও তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে একটি চোর মজনু মিয়ার বাড়িতে চুরি করতে যায়। এসময় তার ছোট মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে চোরকে দেখতে পায়। পরে চোর চোর বলে ডাক চিৎকার করলে চোর খড়ের গাদার পিছনে লুকায়। এসময় মজনু মিয়া তাকে ঝাপটে ধরলে চোরের হাতে থাকা ছুড়ি দিয়ে তার ঘারে ও গলায় এলোপাতাড়ি আঘাত করে। প্রতিবেশি আলতাফ ও নাজমুল তাকে বাঁচাতে এগিয়ে এলে চোর তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর রকিবুল ইসলাম লীন জানান, ছুরির আঘাতে মজনু মিয়ার ক্যারোটিড আর্ট্যরি কেটে যাওয়ায় তার মৃত্যু হয়। অপর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
নাগরপুর থানার ওসি মো জহুরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িত চোর ছামিনুর মিয়াকে গ্রেপ্তার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে। আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর ২০২৬/এম. টি



























