গোপালপুরে খাল পুনঃখনন কার্যক্রম শুরু
প্রায় তিন দশক পর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের গোয়ালবাড়ী খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬ কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখননের উদ্বোধন করেন বিএনপির সহসভাপতি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, এমপি।
উদ্বোধন উপলক্ষে শাখারিয়া আশ্রয়ন প্রকল্প মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, ৬ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখননের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে খাল পুনঃখননের পাশাপাশি দুই পাড়ে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হবে। এতে প্রায় সাড়ে তিনশ’ অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, খালটি পুনঃখনন হলে ভূঞাপুর-তারাকান্দি যমুনা বাঁধের শাখারিয়া স্লুইসগেট কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, খালটি সর্বশেষ ১৯৯৬ সালে পুনঃখনন করা হয়েছিল। পরবর্তীতে যমুনা নদীর বালিতে ভরাট হয়ে এটি প্রায় অকেজো হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমে উজানের পানি খালে প্রবেশ এবং শুষ্ক মৌসুমে বিলের পানি নদীতে নিষ্কাশনে বাধার সৃষ্টি হচ্ছিল।
ভোলারপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম উদ্দীন বলেন, খালটি সচল হলে বর্ষাকালে যমুনার রেণুপোনা স্লুইসগেট দিয়ে আশপাশের বিল ও জলাশয়ে প্রবেশ করবে। এতে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে।
প্রধান অতিথি আব্দুস সালাম পিন্টু বলেন, খাল পুনঃখননের ফলে এলাকায় ভূ-উপরিস্থ সেচ সুবিধা বাড়বে। এতে রোপা আমন ও বোরো মৌসুমে অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। তিনি খালের দখলকৃত অংশ দ্রুত উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এম.কন্ঠ/ ১৩ এপ্রিল /এম. টি


























