টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ মেহেদী হাসান (৩৮)। তিনি সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী গ্রামের আতিয়াপাড়ার হায়দর আলীর ছেলে।
রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের (পিপি) মো. শফিকুল ইসলাম জানান, দণ্ডিত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী কাকলীর ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩ আগস্ট সকালে বিছানার নিচে লুকিয়ে রাখা ছুরি বের করে কাকলীর পিঠে আঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাকলীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দিনই নিহতের ভাই মোঃ বাদল মিয়া সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সখীপুর থানার পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।
পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রায় ঘোষণা সময় আসামী মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
এম.কন্ঠ/ ০১ সেপ্টেম্বর /এম. টি
















