মাদক-অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব-কালিহাতীর ইউএনও
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখলে তাদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ তালুকদার, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা আর এম শফিউল্লাহ, আনসার ও ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদন ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে সারা বছর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনা করছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার মানসিকতাও তৈরি হচ্ছে।
তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা প্রয়োজন। নজরুলের সৃষ্টিতে মানবতা, সাম্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশপ্রেমের যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের চিন্তা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম তাঁর বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংগীতে কাজী নজরুল ইসলাম একটি অনন্য নাম। তাঁর লেখনীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সাম্য ও মানবতার কথা উঠে এসেছে।
তিনি আরও বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বর্তমান প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক। শিক্ষার্থীদের নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি তাঁর সাহিত্য ও সংগীত চর্চায় সম্পৃক্ত হতে হবে। এতে তাদের সৃজনশীলতা, মেধা ও মননশীলতার বিকাশ ঘটবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত পরিবেশন করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।
এম.কন্ঠ/ ৩১ অগাস্ট /এম. টি

























