কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, ইউএনও বরাবর স্মারকলিপি
কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও গণদাবি কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দড়িখশিল্লা এলাকার বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকরা। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
রোববার (৩০ আগস্ট) কালিহাতী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে রামপুর-গান্ধিনা সড়কের আশপাশের সাত গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, কালভার্টের মুখ উন্মুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয়।
স্থানীয়দের ভাষ্য, রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্থানের সামনে একটি কালভার্ট রয়েছে। ওই কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করায় পানি স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে পারছে না। বর্ষা এলেই পানি জমে যাচ্ছে আশপাশের ফসলি জমিতে। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
তাদের অভিযোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় শুধু কৃষিজমিই নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলেও দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, কালভার্টটি পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ। এর মুখ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত কালভার্টের মুখ অবমুক্ত করে পানি চলাচলের ব্যবস্থা এবং ফসলি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
পরে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণের পর ইউএনও ফারজানা আক্তার বলেন, “জনগণের দুর্ভোগ রোধকল্পে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এম.কন্ঠ/ ৩০ অগাস্ট /এম. টি


























